আকিজ এগ্রো ফিডের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক

আকিজ এগ্রো ফিডের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক - Surma Times | Sylhet News

আকিজ এগ্রো ফিডের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক - Surma Times | Sylhet News

ঢাকা, ২৬ নভেম্বর: প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিষ্ঠানটিকে রৌপ্য পদক দেওয়া হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান এটি।

বুধবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পদক গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ ও হেড অব প্ল্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম। আরও ছিলেন আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদক অর্জনের প্রতিক্রিয়ায় শেখ জসিম উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠানটির সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়ন এবং এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করতে সরকার প্রতি বছর জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়ে থাকে।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এর মাধ্যমে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি।

জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির গুণগত মান ধরে রাখা, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে ভূমিকা রাখার প্রচেষ্টাকে আরও গতি দেবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে। প্রাণিখাদ্য খাতের ওপর নির্ভরশীল খামারিদের জন্যও মানসম্মত সরবরাহের এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article