সিলেট, ২৬ নভেম্বর: সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও সিসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১টায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সালিশ ব্যক্তিত্ব হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
হাজী ফারুক আহমদ ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর নগরীর মাছিমপুরের সি অ্যান্ড বি জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী সমিতি এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবিবৃতিতে এই শোক জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি হাজী মকবুল হোসেন। উভয় সংগঠনের অন্যান্য নেতারাও এতে যুক্ত ছিলেন।
বিবৃতিতে নেতারা বলেন, হাজী ফারুক আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মপ্রাণ মানুষ। জীবদ্দশায় তিনি মাছিমপুর সিএমবি (সি অ্যান্ড বি) জামে মসজিদের মুতাওয়াল্লি এবং হযরত নাসির উদ্দিন শাহচট জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবক ও নিঃস্বার্থ সমাজকর্মীকে হারাল।
নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজনীতি, সমাজসেবা, সালিশ ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব, এই বহুমাত্রিক ভূমিকার কারণে এলাকায় তাঁর পরিচিতি ছিল বিস্তৃত। তাঁর প্রয়াণে মাছিমপুর ও আশপাশের মানুষের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে।





