সিলেটে ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিচ্ছে সিউক

সিলেটে ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিচ্ছে সিউক - Surma Times | Sylhet News

সিলেটে ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিচ্ছে সিউক - Surma Times | Sylhet Newsসিলেট, ২৬ নভেম্বর ২০২৬। সিলেট নগরে ইট-পাথরের ভিড়ে একটু সবুজের স্বস্তি, নির্মল বাতাস আর বাসযোগ্য পরিবেশের প্রত্যাশা দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরজীবনে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ। সেই লক্ষ্য সামনে রেখে সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণ করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সিউকের সামাজিক কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার নগরের হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বৃক্ষরোপণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সামাজিক কর্মসূচির আওতায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে হাউজিং এস্টেট এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নও সমান গুরুত্বপূর্ণ। বৃক্ষ পরিবেশের প্রাণ। তাই নগরের উন্নয়ন পরিকল্পনায় সবুজায়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সিউক চেয়ারম্যান আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরের উন্মুক্ত স্থান ও সড়কের পাশে উপযুক্ত জায়গায় গাছ লাগানো হলে নগরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিউকের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ২৫ লাখ গাছ রোপণের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, হাজী আব্দুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মুজীবুর রহমান, আশরাফ গাজী, আ. সামাদ চৌধুরী তনু, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, আবিদ আহমদ রফি, আদনান আহমদ ও নাইমুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। [kalbela](https://www.kalbela.com/country-news/336096)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article