সিলেটে অলিভ অয়েলের বোতলে সয়াবিন তেল, ভেজালবিরোধী অভিযানে একের পর এক প্রতারণা ধরা

সিলেটে অলিভ অয়েলের বোতলে সয়াবিন তেল, ভেজালবিরোধী অভিযানে একের পর এক প্রতারণা ধরা - Surma Times | Sylhet News

সিলেটে অলিভ অয়েলের বোতলে সয়াবিন তেল, ভেজালবিরোধী অভিযানে একের পর এক প্রতারণা ধরা - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ নভেম্বর: সিলেট নগরীর বারুতখানার একটি বাসায় গুদামজাত করা অলিভ অয়েলের বোতলে আসলে বিক্রি হচ্ছিল সয়াবিন তেল। চটকদার মোড়কে সেই তেল নগরীর অভিজাত দোকানগুলোতে পাঠানো হচ্ছিল। ভোক্তা অধিকারের অভিযানে এ প্রতারণা ধরা পড়ে। আসল ও নকলের পার্থক্য বুঝতে না পেরে ক্রেতারা বাড়তি দামে এই নকল অলিভ অয়েল কিনছিলেন।

গত কয়েক মাস ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযানে একের পর এক ভেজাল পণ্যের কারখানা ও বিক্রয়কেন্দ্র ধরা পড়ছে। খাবার থেকে প্রসাধনী পর্যন্ত নানা পণ্যে ভেজালের এই চিত্র দেখে অভিযানকারীরাও হতবাক হচ্ছেন।

অভিযানে যা পাওয়া গেল

সম্প্রতি কদমতলী ফল আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার। অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিচালক আরিফ মোর্শেদ মিশু দেখতে পান, আড়তে পচা ফল বিক্রির জন্য আলাদা করে রাখা হয়েছে। আড়ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপশহরের এবিসি পয়েন্টে অভিযান চালিয়ে পচা ফল ও ক্ষতিকারক রাসায়নিক দিয়ে জুস তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কাপড়ের রং ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের দায়ে নগরের কয়েকটি রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়েছে।

লালদিঘিরপাড় ও দক্ষিণ সুরমার যমুনা মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করা হয়। নিম্নমানের নকল প্রসাধনী বিদেশি বলে বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। লালদিঘিরপাড় মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

কয়েক দিন আগে পূর্ব জিন্দাবাজারের অভিজাত পোশাকের দোকান জোহায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে ৭০০ টাকায় কেনা পাঞ্জাবিতে ২ হাজার ৮০০ টাকার ট্যাগ লাগিয়ে ৭০ শতাংশ ছাড়ে বিক্রি করতে দেখা যায়। সোলস নামের আরেকটি প্রতিষ্ঠান বিদেশি ট্যাগ লাগিয়ে দেশি পোশাক বিক্রি করছিল বলেও অভিযানে ধরা পড়ে।

দক্ষিণ সুরমার ভার্থখলার ফেমাস মার্কেটে জেলা প্রশাসনের অভিযানের সময় শাটার নামিয়ে কয়েকটি ফার্মেসির কর্মচারীরা পালিয়ে যান। পরে সেগুলো থেকে মেয়াদোত্তীর্ণ, নকল ও সরকারি ওষুধ জব্দ করা হয়। নোংরা পরিবেশে ক্ষতিকারক রাসায়নিক দিয়ে খাদ্যসামগ্রী তৈরির দায়ে কয়েকটি লাইভ বেকারিকে জরিমানা করা হয়েছে। ভেজাল বিস্কুট ও পাউরুটি তৈরির দায়ে কয়েকটি বেকারি সিলগালা করা হয়।

কর্মকর্তা ও চিকিৎসকদের বক্তব্য

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ বলেন, যেখানেই অভিযান হচ্ছে, সেখানেই ভেজাল মিলছে। কেউ আসলের মোড়কে নকল পণ্য বিক্রি করছে, কেউ অফারের নামে প্রতারণা করছে, আবার কেউ ক্ষতিকারক উপাদান মিশিয়ে খাবার তৈরি করছে। অনেক সময় ক্রেতারা আসল-নকল চিহ্নিতই করতে পারেন না। তিনি জানান, এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, খাবারে অননুমোদিত রাসায়নিক, কাপড়ের রং ও ভেজাল মসলার ব্যবহার জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। তাঁর ভাষ্য, এসব খাবার মানবদেহে ক্যানসার, কিডনি ও লিভার বিকল হওয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগ সৃষ্টি করতে পারে।

অভিযান চলমান থাকলেও ভেজালের কৌশল বদলে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের জন্য আসল ও নকল আলাদা করা কঠিন হয়ে পড়ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article