ওসমানী বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু, সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ

ওসমানী বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু, সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ - Surma Times | Sylhet News

ওসমানী বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু, সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ - Surma Times | Sylhet News

ঢাকা, ২৭ নভেম্বর: সিলেটের প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সরকার। এবার সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটবাসীর এই সংগঠনের অনুষ্ঠানে তিনি প্রবাসী কল্যাণ, অবকাঠামো ও পর্যটনসহ নানা বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

প্রবাসীদের জন্য সিদ্ধান্ত

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, মরদেহ দেশে ফেরার সঙ্গে সঙ্গে প্রত্যেক পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে।

বর্তমান নিয়মে বৈধ পাসপোর্ট ও বিএমইটি নিবন্ধন না থাকলে অনিয়মিত বা অবৈধ কর্মী বিদেশে মারা গেলে পরিবার কোনো আর্থিক সহায়তা পায় না। দাফন-কাফনের খরচও মেলে না। বৈধ-অবৈধ নির্বিশেষে সব প্রবাসীর মরদেহ দাফনে সরকারি সহায়তার দাবি জানিয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

কর্মী প্রেরণ ও রিক্রুটিং এজেন্সি

মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনা খরচে ইতোমধ্যে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে।

কর্মী পাঠানোয় অনিয়মের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ‘মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বিশেষ করে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে ওই এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অবকাঠামো, পর্যটন ও শিক্ষা

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে।

শিক্ষা নিয়ে তিনি আশ্বাস দেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে এ ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানের বিবরণ

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা) জালাল আহমদ। আরও ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুই পর্বের অনুষ্ঠানের অভিষেক অংশে স্বাগত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী। ধন্যবাদ জানান সদস্য সচিব জাকির হোসেন। সংবর্ধনা পর্বে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক তোফায়েল খান। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নবঞ্চিত জালালাবাদ অঞ্চলের বিভিন্ন দাবি তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article