হবিগঞ্জ, ৩১ আগস্ট: মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
সোমবার গভীর রাত ১টার দিকে হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াহাটি বাজার এলাকার রাস্তায় অভিযান পরিচালনা করে সংরক্ষিত বনের চোরাই মূলী বাঁশ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩। স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে হেফাজতে রাখা হয়।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হয়। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনাঞ্চলে অবৈধ গাছ ও বাঁশ কাটার বিরুদ্ধে পুলিশের তৎপরতাও জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে বালু, গাছ ও বাঁশ কেটে পাচার করছে একদল দুর্বৃত্ত। সাম্প্রতিক সময়ে অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা ও বাঁশ পাচারের ঘটনায় বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। তাঁরা আরও জানান, জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা সততা ও সাহসের সঙ্গে বনসম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখছেন। তাঁদের নেতৃত্বে অভিযান চালিয়ে ইতিপূর্বে চোরাই কাঠ ও বাঁশ উদ্ধারসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা মিনি ট্রাক ও বাঁশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।





