শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উন্নতমানের ভিটি বালু, খোয়া ও পাথর ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে কমলগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কের স্থায়িত্ব কম হবে এবং সরকারের বিপুল অর্থ অপচয় হবে।
এলাকাবাসীর অভিযোগ
- রাস্তার আরসিসি ঢালাইয়ে বালু-রাবিশের ওপর যৎসামান্য পাথরের টুকরো ও পুরনো ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে
- রাস্তার পাশে পুরনো গাইডওয়াল রিপিয়ারিং করে তার ওপর ইট-পিলার বসানো হয়েছে
- বৃষ্টিতে বালু-সিমেন্ট মিশ্রিত বস্তা তলিয়ে যাচ্ছে
- রোলার বা ভাইব্রেটর দিয়ে কমপ্যাকশন না করায় বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে
গত রোববার (২৮ জুন) এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কের বাকি অংশের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য ঠিকাদারি প্রতিষ্ঠান সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. হাসানুজ্জামান বলেন, সেলবেজ থেকে ইট কিনে খোয়া বানিয়ে কাজ করা হচ্ছে। সরকারি ফান্ডে ৭৫ লাখ টাকা জমা হবে। কাজে কিছু সমস্যা হলেও মূল কাজ ঠিকমতো চলছে।
প্রশাসনের প্রতিক্রিয়া শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব বলেন, সরেজমিনে গিয়ে নিম্নমানের সামগ্রী অপসারণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান বলেন, “অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।”
হোসনাবাদ-বিলাসছড়া সড়কটি ৭টি চা বাগান ও ৩টি খাসিয়া পুঞ্জির প্রধান যোগাযোগপথ। সড়কটি সংস্কারের জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হয় ২০২৫ সালে। কাজের মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সড়কের কাজ সঠিকভাবে সম্পন্ন করা হোক।






