জন্মদিনে কিবরিয়ার সঙ্গে নাচ, ফেসবুকে ভিডিও শেয়ার করে আলোচনায় পরীমণি

জন্মদিনে কিবরিয়ার সঙ্গে নাচ, ফেসবুকে ভিডিও শেয়ার করে আলোচনায় পরীমণি - Surma Times | Sylhet News

জন্মদিনে কিবরিয়ার সঙ্গে নাচ, ফেসবুকে ভিডিও শেয়ার করে আলোচনায় পরীমণি - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ অক্টোবর: জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মন্তব্য।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতিবছরের মতো এবারও বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। জন্মদিনের আয়োজনে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, একটু নাচ তো থাকতেই হয়।

ভিডিওতে দেখা যায়, গানের তালে কিবরিয়ার সঙ্গে নাচছেন পরীমণি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও তাদের নাচ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে অভিনেত্রীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন। আরেকজন মন্তব্য করেছেন, কেমনে কেমনে জানি পরীমণির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।

এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার নতুন নাচের ভিডিও প্রকাশের পর সেই ঘটনার কথাও স্মরণ করছেন অনেকে।

পরীমণির সঙ্গে ভিডিওতে নাচতে দেখা যাওয়া ব্যক্তি গোলাম হোসেন কিবরিয়া পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার। তার নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন তিনি। পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে এবং তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানা গেছে।

জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ফারজানা। সিনেমাটির শুটিংয়ের কাজও অনেকখানি শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি।

নতুন সিনেমার ঘোষণা এবং নাচের ভিডিও দুই বিষয়েই এখন আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন কাজের বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন এবং সিনেমাটি নিয়ে প্রত্যাশা প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article