সিলেট, ২৮ অক্টোবর: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (এসএমপি ডিবি) অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হোটেলটিকে সিলগালা করা হয়েছে। এসএমপি মিডিয়া সেল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কোতোয়ালি থানাধীন বন্দর এলাকার সবুজ বিপনী আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। ওই অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নন এফআইআর নং ২২৯৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসএমপি সূত্র জানায়, অসমাজিক কার্যকলাপের অভিযোগে সবুজ বিপনী হোটেলটি সিলগালা করা হয়। নগরীর আবাসিক হোটেলগুলোতে এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এর আগেও নগরীতে অনুরূপ অভিযোগে পুলিশের অভিযান পরিচালনার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর হোটেল ও আবাসিক স্থাপনাগুলোতে নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন স্থানীয়রা।





