জুলাই অভ্যুত্থানের মামলায় হানিফের মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থানের মামলায় হানিফের মৃত্যুদণ্ড - Surma Times | Sylhet News

জুলাই অভ্যুত্থানের মামলায় হানিফের মৃত্যুদণ্ড - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ অক্টোবর: জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে মো. মাহবুবুল আলম হানিফকে তার বিরুদ্ধে আনা ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, আসামি মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতাকে তাদের বিরুদ্ধে গঠিত ১ নম্বর চার্জের ১ থেকে ৬ নম্বর কাউন্টে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ ও ৩ নম্বর চার্জে দোষী সাব্যস্ত করে একই আইনের একই বিধানে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, মো. মাহবুবুল আলম হানিফ, মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে গঠিত ৪ ও ৫ নম্বর চার্জ একত্রে বিবেচনা করে সব আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব চার্জে প্রত্যেককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article