সিলেট, ২৯ অক্টোবর: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০ এলাকায় অভিযান চালিয়ে উপস্থিত জনগণের সহায়তায় তাঁদের গ্রেফতার করা হয়। এসএমপি মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়নন্দ পুরকায়স্থ অর্নব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। তাঁর পিতা মৃত জগানন্দ, মাতা অরুনা চৌধুরী। তাঁর গ্রামের বাড়ি জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মনগ্রামে। বর্তমানে তিনি কোতোয়ালি থানার পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনে থাকেন।
অন্যদিকে রানা আলী মাসুদ রানার পিতা মো. জসিম আলী ও মাতা আবিরুন বেগম। তাঁর গ্রামের বাড়ি এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার (দেবাইবহর, বরাইটিল্লা) এলাকায়। বর্তমানে তিনি কোতোয়ালি থানার নয়াসড়কে আল হেলাল-১৬ এলাকায় শিমুল মিয়ার বাসায় থাকেন।
এ সময় একজনের হেফাজত থেকে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল লেখা একটি ব্যানার জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে একই দিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কুমারপাড়া এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ওই দুই নেতাকর্মীকে আটকের তথ্য পাওয়া যায়। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়।
সরকারের নির্দেশে ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নগরীতে তাদের কোনো ধরনের সমাবেশ বা মিছিলের অনুমতি নেই। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ায় নগরীতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।







