সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই কর্মী আটক

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই কর্মী আটক - Surma Times | Sylhet News

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই কর্মী আটক - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ অক্টোবর: সিলেট নগরের কুমারপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হচ্ছে। এ সময় একজনকে বলতে শোনা যায়, ছাত্রলীগের সিলেট মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল। ব্যানারের একপাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি এবং অপর পাশে মহানগর ছাত্রলীগের সভাপতি কাওছার জাহান সৌরভের ছবি রয়েছে।

ভিডিওতে ক্যামেরার পেছন থেকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, অনিক ভাইয়ে তো ধরছইন দৌড়াইয়া, আমরা ধরছি আইয়া। তিনি আরও বলেন, তা আসছে সৌরভের মিছিল করতে। ১৫/২০টা ছিল, আমরা ২ টেরে দৌড়াইয়া ধরছি, বাকিগুলা ভাগছে। এ সময় ভিডিওতে চেহারা না দেখা ওই ব্যক্তিকে পুলিশের ভ্যানে আটক দুই ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে ও গালি দিতে শোনা যায়।

জিজ্ঞাসাবাদ করা ওই ব্যক্তি ও তার অনিক ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে অনিক ভাই কই বলে টি-শার্ট ও পাজামা পরিহিত এক যুবককে দেখানো হয় ছড়িয়ে পড়া ভিডিওতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নগরীতে তাদের কোনো ধরনের সমাবেশ বা মিছিলের অনুমতি নেই। এর আগেও নগরীর বিভিন্ন এলাকায় অনুরূপ কার্যক্রমের অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটেছে।

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নগরীতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article