সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত দুই সাংবাদিক

সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত দুই সাংবাদিক - Surma Times | Sylhet News

সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত দুই সাংবাদিক - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ অক্টোবর: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের ওপর হামলা চালান।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি না দিয়ে বের করে দেওয়া হয়। ভর্তির জন্য ইমার্জেন্সি বিভাগে গেলে কর্তব্যরতরা জানান, ইন্টার্ন চিকিৎসকদের ডাকে হাসপাতালে রোগী ভর্তিসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।

পরে সহকর্মীরা সাংবাদিক নিবেন্দু ও রেজাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখায় রোগীরা পড়েন বিপাকে। এ নিয়ে কোনো রোগীর স্বজনরা প্রতিবাদ করতে গেলে চড়াও হন ইন্টার্ন চিকিৎসকরা। সেবা না পেয়ে অনেক গুরুতর রোগীকে হাসপাতাল ছেড়ে যেতে দেখা যায়।

রোগীর স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার পর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের লাঠিসোটা নিয়ে শোডাউন দিতে দেখা গেছে।

দুই সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। তারা হামলার প্রতিবাদ জানিয়ে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ও পেশাগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সিলেটের সাংবাদিক সংগঠনগুলো মিলে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ইন্টার্ন চিকিৎসকদের হামলায় বেশ কয়েকজন রোগীর স্বজন আহত হয়েছেন। মারধরের পর কয়েকজনকে তারা পুলিশের হাতে তুলে দেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article