হবিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর: হবিগঞ্জ সদর উপজেলার ৫৪টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক।
রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ (সদর, লখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জি কে গউছ।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজনীন, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর উপদেষ্টা নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ করিম আখঞ্জি, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সহ-সভাপতি আকবর হোসেন স্বপন, শিক্ষক আয়েশা আক্তার, এডভোকেট শ্যামল কান্তি দাস, তাইযেবা আনোয়ার। কোরআন তেলাওয়াত করেন উমেদনগর পৌর হাই স্কুলের সহকারী শিক্ষক মৌলানা আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তৃতায় হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, প্রবাসীরা ভালো কাজে এগিয়ে আসলে সমাজ অনেক সুন্দর হবে। শিক্ষা, চিকিৎসাসহ সমাজের অবহেলিত লোকজনের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও তাদের এই ভালো কাজ অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে প্রধান অতিথি হবিগঞ্জ সদর উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জনের হাতে বৃত্তির ৫ হাজার টাকা করে তুলে দেন।





