সুনামগঞ্জ, ১৪ জুলাই: সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার সকালে সদর পৌর এলাকার ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে জানতে পারে, সদর পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র্যাব। পরে তার কাছে থাকা খাকি রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. নয়ন মিয়া (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সোনা মিয়া।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া জানিয়েছেন, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সংস্থাটি মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়েছে।






