সুনামগঞ্জ, ৩ জুলাই: জমি নিয়ে বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধ সুনা মিয়াকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হোসেন মিয়া দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর এলাকার আরিফ উল্লাহর ছেলে।
র্যাব জানায়, গত ২৯ মার্চ জমি নিয়ে বিরোধের জেরে হোসেন মিয়া ও তার সহযোগীরা সুনা মিয়া ও তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ২ এপ্রিল নিহতের ছেলে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা (নং ৪) দায়ের করেন। র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, হোসেন মিয়া একই থানায় দায়েরকৃত অপর একটি হত্যা মামলারও আসামি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জমি বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার




