সুরমা টাইমস ডেস্কঃ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের দাবিতে সিলেটে জোরালো আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান চেয়ে ২৭ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে কর্মচারীরা।
‘সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ’-এর ব্যানারে আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, বছরের পর বছর সরকারি কলেজে দায়িত্ব পালন করলেও এসব কর্মচারী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। স্বল্প বেতন ও অনিশ্চিত চাকরির মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে এক দফা দাবি, চাকরি রাজস্বকরণের জন্যই এই আন্দোলনের ডাক।
কর্মসূচির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, “বৈষম্য দূর করো, ন্যায্য অধিকার নিশ্চিত করো, চাকরির রাজস্বকরণ এখনই চাই, এখনই চাই।”
নেতৃবৃন্দ আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। মানববন্ধনকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে সংহতি জানানোর আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, এক দাবি, এক সুর, রাজস্বকরণ ছাড়া বিকল্প নেই। এবার মাঠের লড়াইয়ে নিজেদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন তারা।





