সুরমা টাইমস ডেস্কঃ আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে আবারও বাংলাদেশের উপস্থিতি জোরালো করলেন বিইউবিটির অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি কুড়িয়েছেন প্রশংসা, তুলে ধরেছেন উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপকল্প।
রাজধানীতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ১২ ও ১৩ জুন অনুষ্ঠিত ‘ইনোভেশন, এক্সেলেন্স অ্যান্ড কোয়ালিটি ফর ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন ২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকদের মিলনমেলা বসে।
সম্মেলনে ড. মাহবুব আলী ‘কারিকুলাম ইনোভেশন অ্যান্ড আউটকাম-বেসড এডুকেশন’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশনের সভাপতিত্ব করেন। পাশাপাশি ‘লিডারশিপ, পলিসি অ্যান্ড গভর্নেন্স ইন হায়ার এডুকেশন’ সেশনে তিনি এককভাবে উচ্চশিক্ষার অ্যাক্রিডিটেশন ও গ্লোবাল র্যাঙ্কিংয়ের কৌশলগত কাঠামো নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন, যা সেশন চেয়ারম্যানের প্রশংসা অর্জন করে।
এছাড়া তিনি আরও দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্রে সহ-উপস্থাপক হিসেবে অংশ নেন, যেখানে শিক্ষার্থীদের দক্ষতা ঘাটতি, কর্মসংস্থান প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি ও ঝরে পড়ার নানা কারণ বিশ্লেষণ করা হয়। এসব গবেষণার ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত ও গবেষণাভিত্তিক শিক্ষা শক্তিশালী করতে বাস্তবসম্মত সুপারিশও তুলে ধরা হয়।
আইকিউএসি ফোরামের প্যানেল আলোচনায় কিউএ বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়ে ড. আলী উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু কার্যকর প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে মূল্যায়ন প্রক্রিয়া সহজ করতে সফটওয়্যার উন্নয়ন, গবেষণা প্রকাশনার খরচ কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জার্নাল র্যাঙ্কিং ব্যবস্থা চালুর আহ্বান।
সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন দেশের উচ্চশিক্ষার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সেশন সভাপতিত্ব থেকে গবেষণাপত্র উপস্থাপন ও নীতি-পরামর্শ প্রদানে সক্রিয় ভূমিকার মাধ্যমে ড. মাহবুব আলী আবারও প্রমাণ করেছেন, বাংলাদেশের শিক্ষাবিদরা বৈশ্বিক অঙ্গনে শুধু সমানতালে এগোচ্ছেন না, বরং নেতৃত্বও দিচ্ছেন।





