স্বপ্ন দেখো, এগিয়ে যাও, সিলেটে অনার্স নবীনদের বরণে প্রাণবন্ত আয়োজন

স্বপ্ন দেখো, এগিয়ে যাও, সিলেটে অনার্স নবীনদের বরণে প্রাণবন্ত আয়োজন - Surma Times | Sylhet News

স্বপ্ন দেখো, এগিয়ে যাও, সিলেটে অনার্স নবীনদের বরণে প্রাণবন্ত আয়োজন - Surma Times | Sylhet Newsসিলেটের দক্ষিণ সুরমায় লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে নবাগত অনার্স শিক্ষার্থীদের বরণে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

সোমবার (১৫ জুন ২০২৬) কলেজের হলরুমে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ মোহাম্মাদ আব্দুর রশিদ। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রীমা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্ন ও বাস্তব জ্ঞানের সমন্বয়ই সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। তিনি আরও বলেন, এই কলেজ দীর্ঘদিন ধরে অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, নতুন শিক্ষার্থীরাই সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নাসরীন আরা নার্গিস এবং প্রভাষক বর্নালী দাস। এছাড়া কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু এবং সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া বেগম এবং ব্যবস্থাপনা বিভাগের তাসলিমা আশরাফ মাহবুবা।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে গান ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।

দিনভর আয়োজনে নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি নবীনদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সূচনা। -বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article