
কমলগঞ্জ (মৌলভীবাজার), ২৫ নভেম্বর: ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, ঐতিহ্যবাহী নৃত্য-গীত ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ১৮৪তম মহারাসলীলা। শ্রীশ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলা, রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর রাতের পর বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে শেষ হয় দুই দিনব্যাপী এই মহোৎসব। দেশ-বিদেশের হাজারো ভক্ত, পুণ্যার্থী, পর্যটক ও দর্শনার্থীর সমাগমে কমলগঞ্জ পরিণত হয় সম্প্রীতি ও সংস্কৃতির এক বর্ণিল মিলনমেলায়।
উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়ামণ্ডপে মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে ৪১তম মহারাসলীলা অনুষ্ঠিত হয়। একই তিথিতে দুই সম্প্রদায়ের পৃথক আয়োজনে উদযাপিত এই উৎসব বৃহত্তর সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিববাজারে দুই দিনব্যাপী মূল আয়োজন হয়। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তখন উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু এবং মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উপদেষ্টা ডা. পদ্ম মোহন সিংহ।
মঙ্গলবার সকালে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। রাখালের সাজে বাঁশি হাতে শ্রীকৃষ্ণ ও তাঁর খেলার সাথীদের বাল্যলীলার নানা ঘটনা নৃত্যাভিনয়ে তুলে ধরেন শিল্পীরা। এরপর শিল্পী ও লেখকদের অংশগ্রহণে আড্ডা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শিববাজার জোড়ামণ্ডপের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসীম বিল্লাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং কেন্দ্রীয় পরিষদ, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং সাংবাদিকেরাও অনুষ্ঠানে অংশ নেন।
রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ, শ্রীশ্রী রাধাকৃষ্ণের মহারাসলীলা। ঐতিহ্যবাহী পোশাক, অলংকার, মুকুট ও ঘুঙুর পরে মণিপুরি তরুণী নৃত্যশিল্পীরা রাধা, কৃষ্ণ ও গোপীদের প্রেমলীলা নৃত্যাভিনয়ে ফুটিয়ে তোলেন। মৃদঙ্গ, করতাল, কীর্তন ও বাঁশির সুরে রাতভর মুখর ছিল মণ্ডপ প্রাঙ্গণ। ভক্তি ও আধ্যাত্মিক আবহে ভোর পর্যন্ত চলে রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।
উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুর এলাকায় বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মণিপুরি তাঁতবস্ত্র, হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী ও বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের পরিসর আরও বর্ণিল হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন প্রশাসন, পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ বলেন, মণিপুরি সম্প্রদায়ের এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য শুধু একটি উৎসব নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মে বহমান বিশ্বাস, ভক্তি ও জাতিসত্তার পরিচয়ের ধারক। প্রতিবছর এ উৎসব দেখতে দেশের নানা অঞ্চল ও বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন। আয়োজক, স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় এবারের আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্বপরিসরে তুলে ধরতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, রাখাল নৃত্যের মধ্য দিয়ে এবারের রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। মণিপুরি সম্প্রদায়ের প্রতিটি পরিবারে উৎসবকে ঘিরে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর আগমন এ আয়োজনকে বৃহত্তর মিলনমেলায় পরিণত করে। নতুন প্রজন্মের কাছে মণিপুরি সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মণ্ডপ ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ভক্ত, পর্যটক ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ও তদারকি করা হয়।
মণিপুরি মহারাসলীলা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় দর্শন, শ্রীকৃষ্ণের প্রেমলীলা এবং মণিপুরি শাস্ত্রীয় নৃত্যধারার এক অপূর্ব সমন্বয়। অষ্টাদশ শতকে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র এ রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের দিব্যপ্রেম, ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতিকে কেন্দ্র করে বিকশিত এই নৃত্যধারা মণিপুরি জাতিসত্তার সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৮৪২ সালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি মহারাসলীলা উৎসবের সূচনা হয়। দীর্ঘ সময় ধরে এ আয়োজন মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯১৯ সালে সিলেট অঞ্চলের একটি মণিপুরি পল্লিতে রাসনৃত্য দেখে মুগ্ধ হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী সময়ে তাঁর আগ্রহ ও উদ্যোগে মণিপুরি নৃত্য বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে পরিচিতি লাভ করে।
প্রতিবছর কার্তিক পূর্ণিমা বা রাসপূর্ণিমা তিথিতে আয়োজিত এই উৎসব এখন আর শুধু মণিপুরি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের মানুষের অংশগ্রহণে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর পরিণত হয় সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনকেন্দ্রে। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য কতটা এগিয়ে নেওয়া যায়, সেদিকেই নজর থাকবে।







