উত্তম কুমার পাল হিমেলঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার বিকেলে ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জগৎজ্যোতি পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন রাজু দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগৎজ্যোতি পাল এবং সঞ্চালনা করেন রাজু দত্ত। সম্মেলনের উদ্বোধক ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহা। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সহ-সভাপতি ধীরেন্দ্র ধর, বিশ্বজিৎ রায়, নির্মল সিংহ পলাশ, বীর মুক্তিযোদ্ধা ঝুনু লাল দে এবং সজল শীলসহ আরও অনেকে।
সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কমিটির নেতারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

