
মৌলভীবাজার, ২৪ নভেম্বর। কমলগঞ্জ উপজেলায় শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা ঘটে। ভোররাত পর্যন্ত চলবে এ আয়োজন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাঁওয়ে উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ১৮৪তম রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে শিববাজার জোড়া মণ্ডপে। আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে চলছে ৪১তম রাস উৎসব।
রাখাল নৃত্য দিয়ে দুপুরে শুরু হয় উৎসব। গোধূলি পর্যন্ত চলে এ নৃত্য। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যবেলা উপস্থাপন করা হয়। রাত ১১টায় শুরু হবে মহারাসলীলার মূল নৃত্য। শ্রীকৃষ্ণের মহা-রাসলীলানুসরণে এ নৃত্য ভোর পর্যন্ত চলবে। গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা কথা, গান ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।
উৎসব উপলক্ষে মণিপুরি পাড়াগুলোতে সারা দেশ থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ। দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এসেছেন। রংবেরঙের পোশাক ও বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ। রাস উৎসবকে কেন্দ্র করে মণিপুরি এলাকায় মেলাও বসেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন জানান, রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এ উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটি পরিবার কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে।





