লাউয়াছড়ায় গেট টুগেদার রান, অংশ নিলেন দুই শতাধিক

লাউয়াছড়ায় গেট টুগেদার রান, অংশ নিলেন দুই শতাধিক - Surma Times | Sylhet News

লাউয়াছড়ায় গেট টুগেদার রান, অংশ নিলেন দুই শতাধিক - Surma Times | Sylhet News

মৌলভীবাজার, ২০ নভেম্বর: বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিকেও হার মানাল তারুণ্যের উচ্ছ্বাস। প্রকৃতির সান্নিধ্যে সুস্থতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নয়নাভিরাম সড়কে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার রান’।

শুক্রবার সকাল ৬টায় কমলগঞ্জ রানার্সের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নেন দুই শতাধিক দৌড়বিদ। অংশগ্রহণকারীরা ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এই দুটি ক্যাটাগরিতে নির্ধারিত দূরত্ব সফলভাবে অতিক্রম করেন।

লাউয়াছড়ার উঁচু-নিচু ও আঁকাবাঁকা সড়কে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে দৌড়বিদদের একাগ্রতা, প্রাণশক্তি এবং পারস্পরিক উৎসাহ পুরো আয়োজনটিকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে এই দৌড় ব্যাপক সাড়া ফেলে।

দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠে সক্রিয় ছিলেন আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের অ্যাডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ আরও অনেকে।

রানে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সালাহ উদ্দিন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দৌড়ের মাধ্যমে কেবল শারীরিক ফিটনেসই বাড়ে না, বরং নিজেদের মধ্যে ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। লাউয়াছড়ার মতো এমন নয়নাভিরাম প্রকৃতির মাঝে দৌড়ানোটা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমরা চাই নিয়মিত এমন আয়োজন হোক।

কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই তাদের এই উদ্যোগ। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তুলতে লাউয়াছড়া সড়ককে বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article