মৌলভীবাজার, ২০ জুলাই: কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় যৌথ উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে আসা ১০ সদস্যের এই পর্যটক দলটি হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। দুর্গম পাহাড়ি পথে একজন শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে নিরাপদে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টায় সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। আহত শিক্ষার্থীকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সুস্থ রয়েছেন।
স্থানীয় প্রশাসন জানায়, বর্ষাকালে হামহাম জলপ্রপাতের পথ পিচ্ছিল হয়ে যায়। এ সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দলবদ্ধভাবে চলাচল এবং জরুরি প্রয়োজনে ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ৯৯৯-এর খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্গম পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম উদ্ধার অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে পর্যটকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।





