ঢাকা, ১৫ আগস্ট: অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের মানুষকে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার কথাও বলেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের আগে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যোগ হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, নতুন ভবনের মাধ্যমে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে অতিরিক্ত শয্যা যুক্ত হওয়ায় রোগীদের ভর্তি ও চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে চাপ কিছুটা কমবে।






