হবিগঞ্জ, ১৫ জুলাই: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন বাল্লা এলাকার পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নীল রঙের ইজিবাইক থামানোর সংকেত দিলে সেখান থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে ইজিবাইকের ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এনামুল হাসান (৩৫) ও মো. ছালেক (৩০)। তারা উভয়েই চুনারুঘাট উপজেলার রহমতাবাদ এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেপ্তারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





