ঢাকা, ১৪ জুলাই: প্রায় ১০ ঘণ্টা সড়ক অবরোধের পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থান বজায় রেখেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। এরপর তারা সড়ক ছেড়ে দিলে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে গিয়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে পুলিশ সড়ক ছাড়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখানে কিছু শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
এরপরও রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। তারা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
আন্দোলনকারীদের একজন বলেন, “যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের মতো আন্দোলন স্থগিত করা হলো।”
আগামী কর্মসূচি সম্পর্কে তিনি জানান, রাতে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে। সংসদ ভবন বা শিক্ষাভবন অভিমুখে লংমার্চের মতো কর্মসূচিও আসতে পারে।






