হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯-এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল কাইয়ুম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সবুজ সিএনজি থেকে এ মাদক জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে একটি সিএনজিযোগে মাদক চুনারুঘাট শহরের দিকে নেওয়া হচ্ছে। পরে রাত ১১টার দিকে চুনারুঘাট থানাধীন সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সিলেট-ঢাকাগামী সড়কে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে সিএনজিটি থামানোর পর চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে সিএনজির ভেতর থাকা পাটের বস্তার মধ্যে থেকে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের মৃত জনাব আলীর ছেলে। র্যাব জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।





