সুরমা টাইমস ডেস্কঃ দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে। সংসদে এমন তথ্য দিয়ে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ২২৩ দশমিক ৪৪৮ মিলিয়ন ডলার।
অর্থমন্ত্রী বলেন, মোট ঋণের মধ্যে প্রায় ৬২ শতাংশ সহজ শর্তের এবং ৩৮ শতাংশ তুলনামূলক কঠিন শর্তের ঋণ। নন-কনসেশনাল ঋণের সুদের হার বেশি হওয়ায় ভবিষ্যতে কিস্তি ও সুদ পরিশোধের চাপ আরও বাড়বে।
তিনি জানান, নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগ কমছে। একই সঙ্গে ঋণ গ্রহণ বাড়ায় সামনের বছরগুলোতে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রকল্পগুলো কঠোরভাবে যাচাই করা হচ্ছে এবং শুধু উচ্চ অর্থনৈতিক সুফল পাওয়া যায় এমন প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পের সময় ও ব্যয় নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ঋণ ব্যবস্থাপনাকে আরও টেকসই করতে মধ্যমেয়াদি কৌশল হালনাগাদ এবং ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস চালানো হচ্ছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক ঋণের চাপ বাড়লেও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অর্থনীতিতে এর ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।






