সিলেট, ৬ অক্টোবর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধারা দিনরাত কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠান। অথচ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রলি পাওয়ার মতো মৌলিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
ট্রলি সংকট নিয়ে কথা বলতে গেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সঙ্গে যে ধরনের অশালীন, অমার্জিত ও দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয় বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণ ট্রলি নিশ্চিত করা এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও উন্নত সেবা প্রদানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রলির বিষয় নিষ্পত্তি করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তারা।
বিবৃতিদাতা হলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেন।




