সিলেট, ২৭ সেপ্টেম্বর: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল বাতিল করা হয়েছে। নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২(অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নতুনভাবে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।





