সিলেটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

সিলেটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড - Surma Times | Sylhet News

20250625224305 585736

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটে মুমিন হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ছয় বছর আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনাল। পাশাপাশি প্রত্যেককে অর্থদন্ড ও প্রদান করা হয়েছে।

 

গত মঙ্গলবার (২৪শে জুন) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এ সময় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত।

 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের নিজ গ্রামের আব্দুল জলিলের ছেলে কাওসার আহমদ, কয়েছ আমদ, ছয়েফ আহমদ, জুনেদ আহমদ, শফিকুর রহমানের ছেলে শাহীন আহমদ, তজামুল আলীর ছেলে সরোয়ার হোসেন, বারহাল ইউনিয়নের পুটিজরি গ্রামের গুলজার হোসেন ও বিয়ানীবাজার উপজেলার সুরাবৈতের আব্দুল কাদির।

 

তাঁদের মধ্যে মঙ্গলবার আদালতে শাহীন ও জুনেদ উপস্থিত ছিলেন। আর বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

 

নিহত মুমিনের শ্বশুর সাত্তার মিয়া জানান, ‘মুমিন হত্যায় জড়িত রয়েছেন অন্তত ২০ জন। সব প্রমাণাদি থাকার পরও আদালত মাত্র ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দিয়ে দেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’

 

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ লালা জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের মার্চ মাসে পারিবারিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সিলেটের জকিগঞ্জের মুমিনকে রাতের বেলায় ডেকে নেয় একদল লোক।

 

পরে তাকে নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ২৬শে মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ঘটনার পর নিহত মুমিনের পরিবার মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article