সিলেটে তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক

সিলেটে তরল সোনাযুক্ত পোশাক পরা ব্যক্তি আটক - Surma Times | Sylhet News

1745596544570

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তরল সোনাযুক্ত পোশাক পরা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কৌশলে সোনা চোরাকারবারের অভিযোগে গত শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। ওই পাচারকারীর পরনের প্যান্ট ও আন্ডার গার্মেন্টসে পেস্ট আকারে আনা তরল সোনা ছিল।

 

সিলেট কাস্টমস জানায়, কাপড়গুলো পুড়িয়ে সোনা জব্দ করা হয়েছে। সেখানে দেড় কেজি সোনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)।

 

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। আটক আলীম সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছেন বলে সূত্র জানায়।

বিমানবন্দর কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নং ফ্লাইটে অভিযান চালিয়ে আলিম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়।

 

পরবর্তীতে তার শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডারগার্মেন্টস এর ভেতরে পেস্ট আকারে আনা লিকুইড স্বর্ণ ধরা পড়ে।

 

তখন সে স্বর্ণ থাকার বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়।

 

সেখানের মধ্যে ভেতরের কাপড়গুলোতে স্বর্ণের প্রলেপ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই স্বর্ণের পরিমাণ প্রায় ১.৫ কেজি বলে ধারণা করছে সিলেট কাস্টমস।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে এনে স্ক্যান করে লিকুইড সোনা কাপড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমরা কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করেছি।

 

এই স্বর্ণকে এখন স্বর্ণাকারের কাছে পাঠানো হয়েছে সবকিছু নিশ্চিতের জন্য। আমরা ধারণা করছি এখানে প্রায় দেড় কেজি স্বর্ণ হবে।

তার ভেতরের গেঞ্জি ও আন্ডারগার্মেন্টসে এই লিকুইড স্বর্ণ পাওয়া যায়। সে সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article