রোহিঙ্গাদের জন্য ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার দিচ্ছে সুইডেন

রোহিঙ্গাদের জন্য ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার দিচ্ছে সুইডেন - Surma Times | Sylhet News

14e8ec09250174cfdde25745552723f5 6800cb3be0b5d

সুরমা টাইমস ডেস্ক :

সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা ১৫৫ কোটি ৪০ লাখ টাকা মানবিক সহায়তা দিচ্ছে।

যা দেশে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে।

 

গতকাল বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন সম্প্রদায়গুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় এনজিওগুলোকে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম করার জন্যও এ তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে।

 

রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীসহ দেশে মানবিক প্রয়োজন মেটাতে সুইডেন দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে, যেমনটি আমরা গত সাত বছর ধরে করে আসছি।

এ বছর, আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়াচ্ছি, ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে, অন্তত কক্সবাজারে যেখানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির অবস্থিত’।

সুইডিশ তহবিল ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন এবং আন্তর্জাতিক উদ্ধার কমিটির জন্য ব্যবহার করা হবে।

এ তহবিল খাদ্য সহায়তা ও পুষ্টি, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা এবং শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবায় ব্যয় করা হবে।

 

এছাড়াও জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম, এমন ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে সহায়তা করার জন্য সুইডেন স্টার্ট ফান্ড বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article