কানাডা থেকে আট মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১৩৬৮

কানাডা থেকে আট মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১৩৬৮ - Surma Times | Sylhet News

কানাডা থেকে আট মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১৩৬৮ - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ সেপ্টেম্বর: অবৈধভাবে কানাডায় অবস্থানরত বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ জন বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিককে অপসারণের প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে।

কানাডীয় সংস্থাটির সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। হিসাবটি চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।

সিবিএসএর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা থেকে মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিক বহিষ্কৃত হয়েছেন।

ভারতের পরের অবস্থানে রয়েছে মেক্সিকো, সংখ্যা ২ হাজার ২৮২। তারপর ক্রমানুসারে আছে যুক্তরাষ্ট্র (৬০১ জন), কলম্বিয়া (৫৮০ জন), হাইতি (৫৩৫ জন) এবং রোমানিয়া (৪৩৩ জন)। ৩৪০ জন নাগরিককে বহিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রয়েছে তালিকার সপ্তম স্থানে।

বহিষ্কারের কারণ নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছে সংস্থাটি। সিবিএসএর হিসাবে, সবচেয়ে বড় কারণ ছিল কানাডার অভিবাসন আইন না মানা। এই কারণে আশ্রয়ের আবেদন করেও ফেরত যেতে হয়েছে ১২ হাজার ৫ জনকে। আশ্রয়ের আবেদন করেননি, অথচ একই কারণে বহিষ্কৃত হয়েছেন, এমন মানুষের সংখ্যা ১ হাজার ৭৯৪।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কানাডা ছাড়তে হয়েছে ৮৯৭ জনকে। আর ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে অপসারণ করা হয়েছে ৮৮ জনকে।

বহিষ্কারের আদেশের ধরনও ছিল আলাদা। ৩১ আগস্ট পর্যন্ত জারি হওয়া মোট আদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার। ৩ হাজার ৩০৩টি ছিল ডিপারচার অর্ডার, আর ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

বহিষ্কারের পাশাপাশি অপসারণের প্রক্রিয়াধীন মানুষের সংখ্যাও কম নয়। ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এই তালিকাতেও শীর্ষে ভারত, যেখানে ১০ হাজার ২৯৫ জন নাগরিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোর নাগরিক ৬ হাজার ১০২ জন।

এই তালিকায় ১ হাজার ৩৬৮ জনকে নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম।

পরিসংখ্যান বলছে, অভিবাসন আইন প্রয়োগে কানাডা কঠোর অবস্থান নিয়েছে, আর এর প্রভাব পড়ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর। অপসারণের প্রক্রিয়ায় থাকা প্রায় ৫০ হাজার মানুষের ভবিষ্যৎ এখন দেশটির আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বাংলাদেশের ক্ষেত্রে বহিষ্কৃতের চেয়ে প্রক্রিয়াধীনের সংখ্যা প্রায় চার গুণ, ফলে আগামী মাসগুলোতে বহিষ্কারের সংখ্যা আরও বাড়তে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article