হবিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কিশোরী অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত শোয়েব মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
এসআরবি-৯ জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন সিকান্দরপুর এলাকার বাসিন্দা। ভিকটিমের সঙ্গে এজাহারনামীয় ১নং বিবাদী শোয়েব মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ভিকটিমের পরিবার বিবাদীর পরিবারকে জানালে তারা সহযোগিতা না করে উল্টো ভিকটিমের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
ঘটনার বিবরণে জানানো হয়, ২১ জুলাই ২০২৬ রাত অনুমানিক ২২.০০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ১নং বিবাদী অন্যান্য বিবাদীর সহায়তায় ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ১নং বিবাদীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় বিবাদীর পরিবারের সদস্যরা বিবাদীর কাছ থেকে ভিকটিমকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে ভিকটিমের পরিবার পুনরায় ভিকটিমকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে বিবাদীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাড়ি থেকে বের করে দেন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিবাদীদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি কোম্পানি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ২১.৫০ ঘটিকার সময় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন উমরপুর ইউনিয়নের মুল্লাপাড়া সাকিনস্থ জনৈক আহাদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ- ২৬ আগস্ট ২০২৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/২০২৫) এর ৭/৩০ মূলে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কিশোরীকে অপহরণের ঘটনায় এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শোয়েব মিয়া (৩২), পিতা- মৃত ইস্তার মিয়া, সাং- সিকান্দরপুর, থানা- আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





