সিলেট, ২৯ নভেম্বর:
সিলেটে বিএনপি নেতাদের বাসভবন লক্ষ্য করে একের পর এক পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা ও হামলার প্রতিবাদে গভীর রাতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নাশকতা প্রতিরোধ এবং দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার গভীর রাতে দক্ষিণ সুরমায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে নেতারা সাম্প্রতিক ঘটনাগুলোর নিন্দা জানান এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে সিলেটে বিএনপির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বাসভবন লক্ষ্য করে একাধিক হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ শুক্রবার রাতে দক্ষিণ সুরমার তেতলি গ্রামে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় নিজের প্রতিক্রিয়ায় এম এ মালেক শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।
এ ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামালবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল দুর্বৃত্ত হাবিবুর রহমানের বাড়িতে আগুন দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। এ সময় প্রতিরোধের মুখে হামলাকারীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন।
এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরপর এসব ঘটনায় সিলেটের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক রাজনৈতিক নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা ও অগ্নিসংযোগের চেষ্টায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।






