ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব: রিজভী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব: রিজভী - Surma Times | Sylhet News

rizvi - Surma Times | Sylhet Newsঢাকা, ২৬ নভেম্বর ২০২৬। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির কড়া জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলা হলে বাংলাদেশের মানুষ বসে বসে আমলকী চুষবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ প্রস্তুত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন, আর আমাদের দেশের জনগণ আমলকী চুষতে থাকবে? এই দেশ একটি গর্বিত ও অহংকারের দেশ। যারা নিজের রক্ত দিয়ে নিজের স্বাধীনতা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ৩০ লাখ মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই ত্যাগের মধ্য দিয়ে পাওয়া স্বাধীন পতাকা ও ভূখণ্ড দেশের মানুষের গর্বের জায়গা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

মন্ত্রীর বক্তব্যের সমালোচনা

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নিচের পর্যায়ের কোনো কর্মী এমন মন্তব্য করলে হয়তো বিষয়টি ভিন্নভাবে দেখা হতো। কিন্তু একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য আসায় তা প্রতিবাদের দাবি রাখে।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন রিজভী।

রাজনৈতিক পরিস্থিতি

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রিজভীর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ দেশে অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দমন-পীড়নের পথে না গিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অর্জুন সিংয়ের বক্তব্য

এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। এ বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article