বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ সরকারি আবাসিক ভবনে বসবাস, যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা

বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ সরকারি আবাসিক ভবনে বসবাস, যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা - Surma Times | Sylhet News

বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ সরকারি আবাসিক ভবনে বসবাস, যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা - Surma Times | Sylhet Newsবিয়ানীবাজার, ২৬ নভেম্বর ২০২৬। স্যাঁতসেঁতে পরিবেশ, দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে কংক্রিট ও পলেস্তারা। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পড়ে পানি। সিলিংজুড়ে জমেছে পানির কালো দাগ। কোথাও ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে বাঁশের খুঁটি দিয়ে, আবার কোথাও বৃষ্টির পানি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে পলিথিন। দীর্ঘদিন সংস্কার না করায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সরকারি আবাসিক ভবনগুলোর এমন বেহাল দশা তৈরি হয়েছে। ভবনগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হলেও এখনো নিয়ম অনুযায়ী পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ফলে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই এসব ভবনে বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিয়ানীবাজার উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন ও ডরমিটরি থাকলেও সেগুলোর অধিকাংশই এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকির কারণে বেশ কয়েকজন কর্মকর্তা অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকছেন। তবে আবাসনের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে বাধ্য হয়ে পরিবার-পরিজন নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস করছেন। ভবনগুলোর চারপাশে গাছপালা ও ঝোপঝাড়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনগুলোর বাইরের ও ভেতরের দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। দরজা-জানালার অনেকগুলো ভেঙে গেছে। ছাদের পলেস্তারা খসে কোথাও কোথাও লোহার রড বেরিয়ে এসেছে। কয়েকটি কক্ষের ছাদ বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। আবার কোনো কোনো স্থানে পলেস্তারা ও বৃষ্টির পানি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে পলিথিন।

বাসিন্দাদের দুর্ভোগ

একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি হলেই তাদের ব্যবহৃত পোশাক ও বিছানাপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। ঝড়-বৃষ্টির সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় অনেকেই কক্ষ ছেড়ে বাইরে আশ্রয় নেন। ভবনের ভেতরে থাকলেও সব সময় দুর্ঘটনার আতঙ্ক তাড়া করে বেড়ায়। কখন ছাদের পলেস্তারা খসে পড়ে, সেই শঙ্কায় থাকতে হয় তাদের।

তারা জানান, ভবনগুলোর অবস্থা এতটাই নাজুক যে, অনেকেই ভেতরে প্রবেশ করতেও ভয় পান। বসবাসের উপযুক্ত পরিবেশ না থাকায় অনেকে এখানে থাকতে চান না। কেউ কেউ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। বিশেষ করে কর্মচারী ডরমিটরি ভবনটির অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়।

জরাজীর্ণ এসব ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছেন বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি যে ভবনে থাকেন, সেটির জীর্ণদশা দীর্ঘদিনের। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোটি কোনোমতে ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসনের একটি আবাসিক ভবনে বসবাস করেন প্রকল্প অফিসের এক কর্মচারী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘পলিথিন টাঙিয়ে কোনোভাবে বসবাস করছি। অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও এখানে থাকতে হচ্ছে। জনগণের সেবায় যথাসময়ে অফিসে পৌঁছানোর সুবিধার্থে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে বসবাস করছি।’

প্রকৌশলীর বক্তব্য

বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দিপক চন্দ্র দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে আবাসিক ভবনগুলোতে বসবাস করেন, সেগুলোর অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন এবং একটি কর্মচারী ডরমিটরি রয়েছে। ১৯৮৪ সালের দিকে ভবনগুলো নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের পুরোনো এসব ভবন সংস্কারের অভাবে এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব ভবন সংস্কারের জন্য সরকারি বরাদ্দ প্রায় আসে না বললেই চলে। মাঝে মধ্যে উপজেলা পরিষদের তহবিল থেকে অর্থ বরাদ্দ নিয়ে কিছু সংস্কারকাজ করানো হয়।’

ইউএনওর বক্তব্য

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জরাজীর্ণ ভবনগুলোর ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন সময় কিছুটা হলেও সংস্কার করা হয়। তবে নতুন ভবন নির্মাণ না করলে আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে না।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article