ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি এমপির

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি এমপির - Surma Times | Sylhet News

ছাতকে পৌর ভূমি অফিস স্থাপনের দাবি এমপির - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ২৬ নভেম্বর। ছাতক পৌরসভায় একটি পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ বিষয়ে তিনি ভূমিমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন।

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ঐতিহ্যবাহী এ পৌরসভা ব্যবসা-বাণিজ্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, আকিজ প্লাস্টিক কারখানা, নিটল-নিলয় ও বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এত গুরুত্বপূর্ণ ও জনবহুল পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে কোনো পৌর ভূমি অফিস নেই। ফলে ভূমিসংক্রান্ত কাজে পৌরবাসীকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবেদনে ছাতক পৌরবাসীর ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগালের মধ্যে আনতে পৌরসভায় পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article