
ছাতক (সুনামগঞ্জ), ১৮ নভেম্বর: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বড়বিল (বন্ধ) জলমহালে ইজারার চুক্তি ও সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবাধে মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদার সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। নিষিদ্ধ কোনা জাল ও চায়না জাল ব্যবহার করে রাতের আঁধারে এবং ভোরবেলায় বড় বড় মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।
এতে জলমহালের প্রাকৃতিক মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিলের পানি কমে যাওয়া বা জলমহাল শুকিয়ে ফেলার আশঙ্কায় বোরো মৌসুমে শত শত কৃষকের চাষাবাদ ব্যাহত হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় আবারও গত ১৮ নভেম্বর বুধবার বিকালে লিখিত অভিযোগ করেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা এলাকার হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মিসবা উদ্দিন। এর আগে ২৯ অক্টোবর তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ সোয়াদ সাভার চৌধুরী ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করা হয়। এর স্মারক নম্বর ২১৪৩।
ইজারার শর্ত ও অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, পাগনা বড়বিল জলমহালটি ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারা দেওয়া হয়। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৯ এবং ইজারার চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ও দ্বিতীয় বছর মাছ সংরক্ষণের বিধান রয়েছে।
কিন্তু অভিযোগকারীর দাবি, প্রথম বছর অর্থাৎ ১৪৩৩ বাংলা সনেই ইজারার শর্ত উপেক্ষা করে বিলে ব্যাপকভাবে মাছ আহরণ শুরু করা হয়েছে। অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ছাতক উপজেলা যুবলীগ নেতা আলী আসকর এবং বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের জাফরুল হক ও জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
তাঁদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মাছ আহরণ করছেন বলেও অভিযোগে বলা হয়েছে। গত ২২ অক্টোবর থেকে বিলে মাছ আহরণ শুরু হয়। এরপর প্রায় এক মাস ধরে প্রতিদিন ভোরে ও গভীর রাতে কোনা জাল ও চায়না জাল ব্যবহার করে বিলের লাখ লাখ টাকার বড় মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন।
এতে প্রজননক্ষম মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে আহরণের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জলমহালের মাছের স্বাভাবিক বংশবিস্তার, প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল এবং জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। মৎস্যসম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কাও রয়েছে।
তদন্ত ও আপত্তি
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর উপজেলা মৎস্য কর্মকর্তা পাগনা বড়বিল পরিদর্শন করেন। পরবর্তী সময়ে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নির্দেশে গত ১২ নভেম্বর জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া সরেজমিনে তদন্তে যান। অভিযোগকারীর দাবি, পরিদর্শনকালে তিনি কোনা জাল ও চায়না জাল দিয়ে মাছ আহরণের আলামত দেখতে পান এবং মাছ ধরা বন্ধ করতে ইজারা সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার অনুরোধ করেন। এ সময় তাঁর সঙ্গে ইজারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কথাকাটাকাটিও হয়। ভূমি কর্মকর্তার বক্তব্যের একটি ভিডিও অভিযোগকারীর কাছে সংরক্ষিত রয়েছে। তবে ওই কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও মাছ আহরণ শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত ১৭ নভেম্বর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়েও আপত্তি তুলেছেন মিসবা উদ্দিন। তাঁর অভিযোগ, প্রতিবেদনে সরেজমিনের বাস্তব চিত্র ও ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ বিষয়ে ভূমি কর্মকর্তা সেলিম মিয়ার বিরুদ্ধে ইজারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগও করেছেন তিনি।
কৃষকের উদ্বেগ
স্থানীয় কৃষকদের জন্যও বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগকারীর আশঙ্কা, অপরিকল্পিতভাবে মাছ আহরণ এবং বিলের পানি কমিয়ে ফেলা হলে আশপাশের কৃষিজমিতে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হবে। পাগনা বড়বিলের পানি স্থানীয় কৃষি ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। জলাধারের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হলে কৃষিজমির সেচ ব্যবস্থা, জলজ প্রাণীর আবাসস্থল এবং স্থানীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। এতে শত শত কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগকারী মিসবা উদ্দিন বলেন, প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা ও জলমহালের মাছের প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, ইজারার শর্ত বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা। তাঁদের দাবি, শুধু অভিযোগের তদন্ত নয়, পাগনা বড়বিলের পানি, মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য এবং কৃষির স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।







