দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা

দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা - Surma Times | Sylhet News

দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা - Surma Times | Sylhet News

ঢাকা, ২৫ নভেম্বর: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা ১৩৯ জনের মধ্য থেকে ১০০ জনকে চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে তাদের নিয়োগ দেওয়া হবে।

তবে এ নিয়োগের জন্য নতুন করে সরাসরি আবেদন গ্রহণের তথ্য জানানো হয়নি। ইতোমধ্যে প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে বাছাই করা সদস্যদের মধ্য থেকেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের পর ১৩৯ জন সদস্যকে বাছাই করা হয়েছে। বুধবার কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের মধ্য থেকে ১০০ জনকে চূড়ান্ত করা হচ্ছে। নির্বাচিত সদস্যরা শাটারিং কার্পেন্টার, ম্যাসন ও স্টিল ফিক্সার—এই তিন পেশায় কাজের সুযোগ পাবেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

এ নিয়োগ কার্যক্রমে সরাসরি নতুন আবেদনকারীদের পরিবর্তে আগে থেকেই প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে বাছাই করা আনসার-ভিডিপি সদস্যদের বিবেচনা করা হচ্ছে। তাই নতুন করে আবেদন করতে আগ্রহীদের নিয়োগসংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি ও নির্দেশনার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নতুন আবেদন গ্রহণের নির্দিষ্ট সময়, যোগ্যতা ও আবেদনপদ্ধতি সম্পর্কে এ ঘোষণায় বিস্তারিত জানানো হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদেশি মিশন এবং আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ছাড়াই নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরি হয়েছে। ওয়েলফেয়ার ট্রাস্টের ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ ও সিআরএম সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে প্রবাসে অবস্থানকালীন সব ধরনের সেবা দেওয়া হবে। পাশাপাশি দেশে প্রবাসীদের পরিবারের নিরাপত্তায় বাহিনীর ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজ করবে।

বিদেশগামী সদস্যদের কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক। তিনি বলেন, কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, জাপান ও ইউরোপের শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের পাঠাতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ চলছে। এছাড়া যারা বিদেশে যেতে পারবেন না, তাদের জন্য ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির কাজ চলছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article