আগেই গোয়েন্দারা সতর্ক করেছিল, সেকারণে আমার বাড়ি রক্ষা পেয়েছে -এমএ মালিক

MA Malique Statement - Surma Times | Sylhet News

MA Malique Statement - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ নভেম্বর: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একই দিনে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এমএ মালিক এবং একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইদিনে দুই নেতার বাড়িতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার ভোরে ও সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এমন ঘটনা ঘটে।

নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার বিষয়ে রোববার দুপুরে দক্ষিণ সুরমার তেতলিতে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এমএ মালিক।

পেট্রোল বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, আগেই গোয়েন্দারা সতর্ক করেছিল। এজন্য বাড়িতে ফায়ার এস্টিংগুইশার রেখেছি। সেকারণে আমার বাড়ি রক্ষা পেয়েছে। আমরা দ্রুত আগুন নেভাতে পেরেছি। না হলে পুরো বাড়ি আগুনে পুড়ে যেত।

এমএ মালিক বলেন, বিগত ৯ মাসে সিলেট-৩ আসনের বিএনপি নেতাকর্মীরা কারও ওপর জুলুম বা হামলা করেনি। এই সময়ে একটি আওয়ামী লীগের বাড়িতেও কোনোধর্মের হামলা হয়নি। অতীতে বিএনপি নির্যাতিত হলেও আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেছি। বিগত ৯ মাস প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসেবে সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গতকাল শনিবার বিএনপির প্রতিটি ইউনিটের শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিলের নির্দেশনা ছিল। মোল্লারগাও ও কামালবাজার ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। তবে কামালবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। তারা মসজিদকে ব্যবহার করে অগ্নিসন্ত্রাস করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের এক সমর্থক তাকে জানিয়েছে, হাবিবের বাড়িতে তারা নিজেরা আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছে।

এমএ মালিকের ভাষ্যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের নির্দেশে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে গুলি ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা নিজেরাই সাবেক এমপি হাবিবের বাড়ি পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে।

এদিকে হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে এমএ মালিকের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনের বিবরণীতে পাওয়া যায়নি। হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দুই পক্ষই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দিয়েছেন।

ঘটনাটি সিলেটের রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article