সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Surma Times | Sylhet News

সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কে দুটি দুর্ঘটনায় দুজন এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আরেকজন নিহত হন। সোমবার সকাল ও দুপুরে সিলেটের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে গেইটলক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক কিশোরী যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান তাসনিম (১৫) ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। আহতরা হলেন মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারাও ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী তার বোন ও ভাগনিদের নিয়ে ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। চিকনাগুল গ্যাস ফিল্ডসের প্রধান ফটকের এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাত নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, একই মহাসড়কে দুপুর ১টার দিকে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হন। তামাবিল হাইওয়ে থানার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলে করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসান মিয়া গুলালকে মৃত ঘোষণা করেন।

পৃথক দুই দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো আটক করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সোমবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।

ডাবর-জগন্নাথপুর মহাসড়কের সিচনী পয়েন্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে মৌলভীবাজারের উদ্দেশে যাচ্ছিলেন উজ্জ্বল। সিচনী ব্রিজ পার হয়ে কালাপুলসংলগ্ন মহাসড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পড়ে ছিল।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসকে দ্রুতগতিতে চলে যেতে দেখা যায়। তবে বাসটির গতি বেশি থাকায় এর নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। কোন গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিলেটে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে গত শনিবার সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article