সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করেছে। পিকআপে থাকা ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
পুলিশ জানায়, চেকপোস্টের সংকেত অমান্য করে পিকআপটি পালানোর চেষ্টা করলে তা আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ তালিকামূলে জব্দ করা হয়। জব্দ টমেটোর আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ শায়েখ (২০), পিতা হেলাল উদ্দিন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালেশ্বর খাগড়ী এলাকার বাসিন্দা; এবং মোহাম্মদ হেলাল (৪৫), পিতা মৃত আব্দুল জলিল, সিলেটের জৈন্তাপুর উপজেলার কালিপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা নম্বর ৩১, তারিখ ২২ অক্টোবর ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(খ) ও ২৫ডি ধারায়। গ্রেপ্তার দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।





