সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - Surma Times | Sylhet News

সিলেটে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেট নগরের শাহপরান এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান থানাধীন ইসলামাবাদ এলাকায় নিজের বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর রাতেই পুলিশ শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, “রাতে এলাকার এক ভাই এসে বলেন, আমার বাবাকে কারা যেন আটকে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপের চিহ্ন ছিল। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান।”

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তার এক ছেলে ফ্রান্সে থাকেন। নিহতের স্ত্রী জানান, কারও সঙ্গে শাহাব উদ্দিনের কোনো বিরোধ ছিল না।

ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যার তথ্য নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, “এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পুলিশ কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোনো আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলায় ব্যবসায়ীসহ তিনজনকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article