শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবির প্যাকেজ, ক্ষুব্ধ কার্ডধারীরা

শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবির প্যাকেজ, ক্ষুব্ধ কার্ডধারীরা - Surma Times | Sylhet News

শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবির প্যাকেজ, ক্ষুব্ধ কার্ডধারীরা - Surma Times | Sylhet Newsশায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: খাদ্য অধিদপ্তর থেকে চাল বরাদ্দ না থাকার কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ জেলার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো দুই মাস ধরে অন্যান্য পণ্যের সঙ্গে চাল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন।

জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে প্রতি মাসে ভালো মানের ৫ কেজি সিদ্ধ চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ পিস লন্ডি সাবান, ১ পিস গায়ের লাক্স বা মেরিল সাবান, ৫০০ গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট (হুইল) পাউডারসহ প্যাকেজ পণ্য দিয়ে থাকে।

গত মে ও জুন মাসের টিসিবির অন্যান্য প্যাকেজ পণ্য সামগ্রী দেওয়া হলেও চাল দেওয়া হয়নি। বর্তমান বাজারে চালসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির অর্ধেক দামে (প্রতি কেজি ৩০ টাকা) চাল না পেয়ে হতাশ হয়েছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার। ক্রেতাদের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি তৈরি হয়েছে।

এদিকে সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয় অফিস সূত্রে জানা যায়, টিসিবির পণ্যে নতুন করে লবণ যুক্ত হচ্ছে। তবে তার পরিমাণ ও দাম নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে টিসিবির সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জানান, জুলাই মাসের চাল চলতি আগস্ট মাসে বিক্রি করার বরাদ্দ দেওয়া হয়নি। জানতে চাইলে তিনি ঢাকা হেড অফিসে যোগাযোগ করতে বলেন।

ভোক্তাদের অভিযোগ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি সস্তা দামে সিদ্ধ চাল (প্রতি কেজি ৩০ টাকা দামে) পেলে তাদের জন্য অনেক উপকার হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকজন টিসিবি ডিলার জানান, টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবারের মাসিক প্যাকেজে ৫ কেজি করে চাল থাকে। হঠাৎ করে গত দুই মাস ধরে তাদেরকে চাল দেওয়া হয়নি। সিদ্ধ চাল ছাড়া ভোক্তারা অন্যান্য পণ্যগুলো নিতে চায় না। মাসিক প্যাকেজে সিদ্ধ চাল না পেয়ে অনেকেই তাদের সঙ্গে ঝগড়া করতে চায়। হবিগঞ্জ জেলার ভোক্তারা সিদ্ধ চাল খুবই পছন্দ করে কিন্তু আতপ চাল খেতে চায় না।

অপরদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, গত দুই মাস ধরে টিসিবি পণ্যের মধ্যে তাদেরকে চাল বরাদ্দ দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলে বরাদ্দ আসলে তারা চাল দিয়ে থাকে। তবে জুলাই মাসের চাল এখনো বরাদ্দ পায়নি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article