শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ ঢাকা মেট্রো-ন-১২-২১১৩ জব্দ করা হয়।
রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এসআরবি মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামণডোরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুর রেলক্রসিং পাশে চেকপোস্ট স্থাপন করে। মাধবপুর উপজেলা থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার মহাসড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপটি থামানোর সংকেত দিয়ে থামানো হলে পিকআপে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতরে বডিতে লুকানো থাকা ৩টি বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা এবং পিকআপসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. রুবেল মিয়া (৩০)। আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তেলিয়াপাড়া চা বাগানের সীমান্ত ভারত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে বহন করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-৯।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ এ প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





