সিলেট, ৭ আগস্ট: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর মোড় থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান আহম্মদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার বিকেলে বিলাস পরিবহনের একটি কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মোড় এলাকায় অবস্থানকালে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, হুমায়ুন চত্বর মোড়ে বিলাস পরিবহনের কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন।
সংবাদ পেয়ে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে বিলাস পরিবহনের ভেতরে প্রবেশ করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পরিবহন থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন বলে জানায় র্যাব। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের বায়ুরোধক পলিথিনের জিপারের ভেতর থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুলতান আহম্মদ সিলেটের কানাইঘাট থানার বড় খেওড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্বাস আলী।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান আহম্মদ জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরে তাকে এবং জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






