সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধ ভারতীয় আম ও কিউই ফলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই এলাকায় আরেক অভিযানে ১৮১ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো দুইটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফল মার্কেটের গলির মুখে সাজ্জাদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোয়াইনঘাট থানার লাকেরপাড়, আসামপাড়া এলাকার আসাব আলী ও জাহানারা বেগমের ছেলে জামিল আহমদ শাবেলকে (৩১) আটক করা হয়। তার হেফাজত থেকে ৪২০ কেজি ভারতীয় আম এবং ৫২ কেজি ভারতীয় কিউই ফল জব্দ করা হয়। জব্দকৃত ফলের সর্বমোট আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২৬ আগস্ট মামলা করা হয়েছে। মামলার নম্বর ২১ এবং ধারা The Special Powers Act, 1974-এর 25B(1)(b) ও 25D। পরে জামিল আহমদ শাবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজারস্থ সিলেট-ঢাকা মহাসড়কের পূর্বপাশে আফিজ উল্যাহ মার্কেটের দক্ষিণ পাশের খালি জায়গায় অভিযান চালানো হয়। সিটিএসবি, এসএমপি সিলেটের সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে সর্বমোট ১৮১ বোতলে ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া চট্ট মেট্রো-গ-১১-৩৩৬৬ রেজিস্ট্রেশন নম্বরের একটি পুরোনো প্রাইভেটকারও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২৬ আগস্ট মামলা করা হয়েছে। মামলার নম্বর ২২ এবং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ), ৩৮ ও ৪১। পলাতক প্রাইভেটকার চালক ও বিদেশি মদের মালিক বা মালিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।






